এ কে এম মাজেদুল আলম ইভান , মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু হলো মৌশা গ্রামের বাসিন্দা আমিনুর রহমানের তিন বছর বয়সী কন্যা রাফিয়া এবং তার ভাই আলিনুর রহমানের দুই বছর বয়সী কন্যা রাইসা।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল রাফিয়া ও রাইসা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের দিকে চলে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।