জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের মীরগ্রাম চৌমুহনী বাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে।এ সময় সিরাপগুলোর হেফাজতে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল মীরগ্রাম বাজারে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ী আবু তাহেরের দোকানে তল্লাশি চালিয়ে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
ডিবির সিনিয়র এসআই মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই মো. সাজেদুল ইসলাম, এএসআই মো. আসাদুজ্জামান এবং এএসআই মো. সোহেল রানাসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন।
পরে উদ্ধার হওয়া সিরাপের দায়িত্বে থাকা গোলাম মোস্তফা (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া ফকিরপাড়া গ্রামের মৃত মজিবরের ছেলে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ পণ্যের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।