ভোরের ভয়াবহ অগ্নিকাণ্ডে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশহাট বাজারের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) ভোরে সদর ইউনিয়নের দরবেশহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে শামসুল আলমের সারের দোকান, আবু তাহেরের ডেকোরেশন ও লেপ-তোষকের দোকান, নাজিম উদ্দিনের লেপ-তোষকের দোকান ও কারখানা, জসির উদ্দিনের ইলেকট্রনিকসের দোকান এবং রতন কর্মকারের কামারের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে যায়। মুহূর্তেই কয়েকটি পরিবারের বহু বছরের কষ্টার্জিত ব্যবসা ও জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি দোকানে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে আগুন নেভানোর আহ্বান জানানো হয়। স্থানীয়রা সর্বাত্মক চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্তদের দাবি, দোকানে থাকা সার, ডেকোরেশন সামগ্রী, লেপ-তোষক, ইলেকট্রনিক পণ্য, বিভিন্ন যন্ত্রপাতি ও নগদ অর্থসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তাঁদের মতে, সরকারি সহায়তা ছাড়া নতুন করে ব্যবসা শুরু করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখার চন্দ্র রুদ্র জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা হবে।