
পটুয়াখালীর বাউফল পৌর শহরে ইশরাত জাহান নিশি (২৮) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।শনিবার, ১১ জুলাই ২০২৬ সকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরবেশ মিএা সড়কের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিশি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লারহাট এলাকার নাসির উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি মাস্টার্স পরীক্ষা শেষ করেছেন। গত ২৪ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলায় তার বিয়ে হয়।পরিবারের লোকজন দরজা না খোলায় পরে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় নিশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।