
নবাবগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত
শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারত, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই আন্দোলনের শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারত, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের বীরত্বপূর্ণ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাদের আত্মত্যাগের কথা তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ইলিয়াস, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীজন।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, নবাবগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক গোলাম মোস্তফা বিএসসি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।