
এ কে এম মাজেদুল আলম, ইভান। মাগুরা:
মাগুরায় একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে দুই দিন পর উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। উদ্ধার হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার শলুয়া গ্রামের মারকাযুস সুন্নাহ আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী নূর তাজ রুমি গত ২৯ জুন সকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ ফসিউর রহমান মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি জেলা পুলিশকে জানানো হলে পুলিশ সুপারের নির্দেশে সিসিআইসি অনুসন্ধানে নামে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে বুধবার সকালে মাগুরা পুলিশ লাইন্স এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে সিসিআইসি সদস্যদের পাশাপাশি সদর থানা পুলিশ, মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীর বড় বোন উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে পুলিশের কাছে শিক্ষার্থী জানায়, হেফজ বিভাগে পড়াশোনা চালিয়ে যেতে তার আগ্রহ ছিল না। বিষয়টি পরিবারকে জানালেও পড়াশোনা অব্যাহত রাখতে বলা হয়। এছাড়া মাদ্রাসার নিয়মকানুন নিয়েও তার মধ্যে অস্বস্তি তৈরি হয়। এসব কারণে কাউকে কিছু না জানিয়ে সে মাদ্রাসা থেকে বেরিয়ে যায়।
পরে পুলিশ লাইন্স এলাকায় এক নারীর সঙ্গে পরিচয়ের পর নিজেকে এতিম পরিচয় দিয়ে তার বাসায় আশ্রয় নেয়। এদিকে শিক্ষার্থীর নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে ওই নারীর স্বামী বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে এবং পরে তার বড় বোনের জিম্মায় হস্তান্তর করে।
জেলা পুলিশ জানিয়েছে, শিশু ও নারী সংক্রান্ত যেকোনো ঘটনা সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। এ বিষয়ে জনসচেতনতা ও নাগরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.